Home
ফাতেহা ই দোয়াজ্ দহম্ [আবির্ভাব]

ফাতেহা ই দোয়াজ্ দহম্ [আবির্ভাব]

কাজী নজরুল ইসলাম

ফাতেহা ই দোয়াজ্ দহম্ [আবির্ভাব]

কাজী নজরুল ইসলাম
poetry

Posted byশেষ পৃষ্ঠা18-Apr-2025

Change color

১

নাই তা জ

তাই লা জ?

ওরে মুসলিম, খর্জুর-শিষে তোরা সাজ!

করে তসলিম হর কুর্নিশে শোর আওয়াজ

শোন কোন মুজ্‌দা সে উচ্চারে হেরা আজ

ধরা-মাঝ!

উরজ-য়্যামেন নজ্‌দ হেজাজ তাহামা ইরাক শাম

মেশের ওমান তিহারান স্মরি কাহার বিরাট নাম।

পড়ে ‘সাল্লাল্লাহু আলায়হি সাল্‌লাম।

চলে আঞ্জাম

দোলে তাঞ্জাম

খোলে হুর-পরি মরি ফিরদৌসের হাম্মাম !

টলে কাঁখের কলসে কওসর ভর , হাতে আব-জমজম জাম ।

শোন দামাম কামান তামাম সামান নির্ঘোষি কার নাম

পড়ে ‘সাল্লাল্লাহু আলায়হি সাল্লানম।’


২

মস্ তান !

ব্যস থাম্!

দেখ মশ্‌গুল আজি শিস্তান-বোস্তান ,

তেগ গর্দানে ধরি দারোয়ান রোস্তাম ।

বাজে কাহারবা বাজা, গুলজার গুলশানগুলশান : পুষ্প-বাটিকা।

গুলফাম !

দক্ষিণে দোলে আরবি দরিয়া খুশিতে সে বাগে-বাগ ,

পশ্চিমে নীলা‘লোহিতে’র খুন-জোশিতে রে লাগে আগ,

মরু সাহারা গোবিতে সব্‌জার জাগে দাগ!

নূরে কুর্শির

পুরে ‘তূর’ -শির,

দূরে ঘূর্ণির তালে সুর বুনে হুরি ফুর্তির,

ঝুরে সুর্খির ঘন লালি উষ্ণীষে ইরানিদূরানি তুর্কির!

আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বল্লম

পড়ে ‘সাল্লাল্লাহু আলায়হি সাললাম।’


৩

‘সাবে ঈন’

তাবে ঈন

হয়ে চিল্লায় জোর ‘ওই ওই নাবে দীন !

ভয়ে ভূমি চুমে ‘লাত্ মানাত’ -এর ওয়ারেশিন ।

রোয়ে ওয্‌যা-হোবলইবলিসখারেজিন , –

কাঁপে জীন্ !

জেদ্দার পূবে মক্কা মদিনা চৌদিকে পর্বত,

তারই মাঝে ‘কাবা’ আল্লার ঘর দুলে আজ হর ওক্ত্ ,

ঘন উথলে অদূরে ‘জম-জম’ শরবৎ!

পানি কওসর,

মণি জওহর

আনি ‘জিবরাইল’ আজ হরদম দানে গওহর ,

টানি মালিক-উল-মৌতজিঞ্জির – বাঁধে মৃত্যুর দ্বার লৌহর।

হানি বরষা সহসা ‘মিকাইল’ করে ঊষর আরবে ভিঙা ,

বাজে নব সৃষ্টির উল্লাসে ঘন ‘ইসরাফিল’ -এর শিঙা!


৪

জন্ জাল

কঙ্ কাল

ভেদি, ঘন জাল মেকি গণ্ডির পঞ্জার

ছেদি, মরুভূতে একী শক্তির সঞ্চার!

বেদি পঞ্জরে রণে সত্যের ডঙ্কার

ওংকার!

শঙ্কারে করি লঙ্কার পার কার ধনু-টংকার

হুংকারে ওরে সাচ্চা-সরোদে শাশ্বত ঝংকার?

ভূমা- নন্দে রে সব টুটেছে অহংকার!

মর- মর্মরে

নর- ধর্ম রে

বড়ো কর্মরে দিল ইমানের জোর বর্ম রে,

ভর্ দিল্ জান্ – পেয়ে শান্তি নিখিল ফিরদৌসের হর্ম্য রে!

রণে তাই তো বিশ্ব-বয়তুল্লাতে মন্ত্র ও জয়নাদ –

‘ওয়ে মার্‌হাবা ওয়ে মার্‌হাবা এয়্ সর্‌ওয়ারে কায়েনাত !’

৫

শর- ওয়ান

দর্- ওয়ান

আজি বান্দা যে ফেরউন শাদ্দাদ নমরুদ মারোয়ান ;

তাজি বোর্‌রাক্ হাঁকে আশমানে পর্‌ওয়ান, –

ও যে বিশ্বের চির সাচ্‌চারই বোর্‌হান –

‘কোর-আন’!

‘কোন্ জাদুমণি এলি ওরে’ – বলি রোয়ে মাতা আমিনায়

খোদার হবিবে বুকে চাপি, আহা, বেঁচে আজ স্বামী নাই!

দূরে আব্‌দুল্লার রুহ্ কাঁদে, “ওরে আমিনারে গমি নাই –


দেখো সতী তব কোলে কোন্ চাঁদ, সব ভর-পুর ‘কমি’ নাই।’

‘এয়্ ফর্ জন্দ’ –

হায় হর্‌দম্

ধায় দাদা মোত্‌লেব কাঁদি, – গায়ে ধুলা কর্দম!

‘ভাই। কোথা তুই?’ বলি বাচ্চারে কোলে কাঁদিছে হাম্‌জা দুর্দম!

ওই দিক্‌হারা দিক্‌পার হতে জোর-শোর আসে, ভাসে ‘কালাম’ –

‘এয় ‘শাম্‌সোজ্জোহা বদরোদ্দোজা কামারোজ্জমাঁ’ সালাম!’

**********
No Review
Related Books
Loading books…